ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুর্গা পূজায় সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি এই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে।”


তিনি অভিযোগ করেন, অতীতে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে দুর্গোৎসবের সময় একাধিকবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। সাম্প্রতিক সময়েও তাদের ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে বলে উল্লেখ করেন তিনি।


তারেক রহমান বলেন, “এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জনগণের সহায়তায় পূজার নিরাপদ ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে কাজ করবে।”


তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ এবং তা নষ্ট করার যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে দলটির অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।

ads
ads
ads

Our Facebook Page

↑